পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র কেনার কথা বিবেচনা করছে সৌদি আরব। এ জন্য রিয়াদ গোপনে পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে।
শাবিস্তান ডেস্ক : পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র কেনার কথা বিবেচনা করছে সৌদি আরব। এ জন্য রিয়াদ গোপনে পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে।
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল বা ইউপিআই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। সৌদি রাজা আবদুল্লাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের সাম্প্রতিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইউপিআই। প্রতিবেদনে বলা হয়েছে- এ বৈঠকের পর রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে গোপন চুক্তি হতে যাচ্ছে বলে জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে।
সৌদি আরব তার স্পেশাল ফোর্সের সদস্যদের পাকিস্তানে প্রশিক্ষণের জন্য পাঠানোর পর রাজা আবদুল্লাহ ও প্রধানমন্ত্রী পারভেজ আশরাফের মধ্যে বৈঠক হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সে সময় ডন পত্রিকাকে বলেছিলেন, "ইসলামাবাদ-রিয়াদ সম্পর্ক চাঙ্গা করা হবে এ সফরের প্রধান উদ্দেশ্য।"
এর আগে গত ২ জুলাই ইসলামাবাদে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে রাজা পারভেজ আশরাফ রিয়াদ সফরের আগ্রহ প্রকাশ করেছিলেন। ডন সে সময় এক কূটনৈতিক ভাষ্যকারের বরাত দিয়ে বলেছিল "পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি নিজের পদ নিয়ে টানাপড়েন থাকা সত্ত্বেও 'বিশেষ কিছু' পাওয়ার জন্যই হয়তো রিয়াদ সফরে যাচ্ছেন রাজা পারভেজ আশরাফ। (রেডিও তেহরান)