মিশরে গত বছরের গণ-বিপ্লবের সময় আটক ব্যক্তিদের মামলাগুলো পুনর্বিবেচনা করার জন্য একটি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি। মিশরের সরকারি বার্তা সংস্থা মেনা জানিয়েছে, সেনাবাহিনীর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি একজন সরকারি কৌঁসুলিকে নিয়ে এ কমিশন গঠিত হবে।
শাবিস্তান ডেস্ক : মিশরে গত বছরের গণ-বিপ্লবের সময় আটক ব্যক্তিদের মামলাগুলো পুনর্বিবেচনা করার জন্য একটি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি। মিশরের সরকারি বার্তা সংস্থা মেনা জানিয়েছে, সেনাবাহিনীর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি একজন সরকারি কৌঁসুলিকে নিয়ে এ কমিশন গঠিত হবে। প্রেসিডেন্ট মুরসি তার নির্দেশে বলেছেন, "যেসব ব্যক্তি কোন অপরাধী কর্মকাণ্ডে জড়িত নন তাদের মুক্তি নিশ্চিত করতে অবিলম্বে এ কমিশন গঠন করতে হবে।"
২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক বিরোধী আন্দোলনের সময় হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের অনেকেরই বিরুদ্ধে এখন পর্যন্ত কোন চার্য গঠন করা হয়নি এবং তারা বিনা বিচারে আটক রয়েছেন।
গণ-বিপ্লবের মুখে গত বছরের ১১ ফেব্রুয়ারি ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার আগে হোসনি মুবারকের নির্দেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় প্রায় ৯০০ নিরীহ মানুষ। ওই হত্যাকাণ্ডের দায়ে মুবারক ও তার স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। গতমাসে এ মামলায় তাদের দু'জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
গত ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত শনিবার আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ পদের দায়িত্ব গ্রহণ করেন ইখওয়ানুল মুসলিমিনের প্রার্থী মোহাম্মাদ মুরসি। হোসনি মুবারকের শাসনামলে মুরসি ও তার দলের রাজনৈতিক ততপরতার ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেছেন, মিশর বিপ্লবের ধারা অব্যাহত থাকবে। মোহাম্মাদ মুরসি বলেন, একমাত্র ঐক্য ও সংহতি পারে মিশরের জনগণকে বর্তমান কঠিন সময় থেকে মুক্তি দিতে।(রেডিও তেহরান)