ইরানের পরমাণু কর্মসূচি পশ্চিমাদের জন্য কোনো উদ্বেগের কারণ নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ দলের মুখপাত্র ও বিশিষ্ট রাজনীতিক শাফকাত মাহমুদ। গতকাল (শুক্রবার) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, পরমাণু কর্মসূচি পরিচালনা করা এবং পরমাণু প্রযুক্তি অর্জনের অধিকার ইসলামী ইরানের রয়েছে।
শাবিস্তান ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচি পশ্চিমাদের জন্য কোনো উদ্বেগের কারণ নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ দলের মুখপাত্র ও বিশিষ্ট রাজনীতিক শাফকাত মাহমুদ। গতকাল (শুক্রবার) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, পরমাণু কর্মসূচি পরিচালনা করা এবং পরমাণু প্রযুক্তি অর্জনের অধিকার ইসলামী ইরানের রয়েছে। এ ক্ষেত্রে পশ্চিমাদের উদ্বেগ নিতান্তই ভিত্তিহীন বলেও উল্লেখ করেছেন শাফকাত মাহমুদ।
তিনি আরো বলেন, ইরান বার বার বলে আসছে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং এ কারণে পশ্চিমাদের উদ্বেগের কোনো সুযোগ নেই। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি-তে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরান পরমাণু কর্মসূচি পরিচালনার বৈধ অধিকার রাখে বলেও জোর দিয়েছেন পাকিস্তানের এ রাজনীতিক। তিনি প্রশ্ন রেখে বলেন, যেখানে পশ্চিমা বহু দেশ সামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে সেখানে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে নিয়ে কেন তেহরানের ওপর তারা চাপ সৃষ্টি এবং অবরোধ আরোপ করবে।
শাফকাত মাহমুদ বলেন, ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আসন্ন মস্কো বৈঠকের সময় ছয় জাতিগোষ্ঠীর উচিত- একটা ইতিবাচক নীতি গ্রহণ করা।
আগামী সোম ও মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে, তুরস্কের ইস্তাম্বুল শহর ও ইরাকের রাজধানী বাগদাদে একই ইস্যুতে চলতি বছরে দু'দফা বৈঠক হলেও দু'পক্ষ এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে, আসন্ন মস্কো বৈঠক সফল হবে বলে এরইমধ্যে ইরান আশা প্রকাশ করেছে। পাশাপাশি, পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না বলেও ঘোষণা দিয়েছে তেহরান। (রেডিও তেহরান)