জাহেদানের সন্ত্রাসী হামলার পেছনে মার্কিন সরকারের ইন্ধন রয়েছে : ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় জাহেদান শহরে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে।
তিনি এক বাণীতে আরো বলেন, ইরানে বহু বছর ধরে বিভিন্ন মাযহাব ও ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণ সহাবস্থান করে আসলেও বর্তমানে মার্কিনীরা সে শান্তি নষ্ট করার জন্য সন্ত্রাসী গোষ্ঠিগুলোকে লেলিয়ে দিয়েছে।

শাবিস্তান ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় জাহেদান শহরে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে।
তিনি এক বাণীতে আরো বলেন, ইরানে বহু বছর ধরে বিভিন্ন মাযহাব ও ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণ সহাবস্থান করে আসলেও বর্তমানে মার্কিনীরা সে শান্তি নষ্ট করার জন্য সন্ত্রাসী গোষ্ঠিগুলোকে লেলিয়ে দিয়েছে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদান গ্রান্ড মসজিদের সামনে গত বৃহস্পতিবার অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী বোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২৭ ব্যক্তি নিহত এবং অপর প্রায় ৩০০ লোক আহত হয়। আজ ওই ঘটনায় নিহত হতভাগ্য ব্যক্তিদের জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়। শিয়া ও সুন্নী মাযহাবের হাজার হাজার মানুষ দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওই দাফন অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মাদ হাসান রাহিমিয়ান তাঁর বাণীটি পড়ে শোনান। বাণীতে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরো বলেন, আমাদের সকল দুর্দশার জন্য মার্কিন সরকার, পাশ্চাত্য এবং ইসলামের শত্রুরা দায়ি। (রেডিও তেহরান)