সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সাল প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির সঙ্গে বৈঠক করেছেন। এর আগে তিনি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বার্নাড কুশনারের সঙ্গে আলোচনা করেন।
শাবিস্তান ডেস্ক : সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সাল প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির সঙ্গে বৈঠক করেছেন। এর আগে তিনি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বার্নাড কুশনারের সঙ্গে আলোচনা করেন। নিকোলাস সার্কোজি ও সৌদ আল ফয়সালের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সৌদি বাদশা আব্দুল্লাহ তার পূর্বনির্ধারিত ফ্রান্স সফর বাতিল করার পর সৌদ আল ফয়সাল প্যারিস সফর করছেন। সৌদি বাদশার ফ্রান্স সফর বাতিলকে রিয়াদ-প্যারিস সম্পর্কে এক ধরনের টানাপোড়েন সৃষ্টির ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বর্তমান ফরাসি সরকারের সমর্থক হিসেবে পরিচিত দৈনিক ফিগারো সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে একটি খবর প্রকাশ করার পরই সৌদি বাদশা প্যারিস সফর বাতিল করেন বলে মনে করা হচ্ছে। ফিগারো সম্র্ তি লিখেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী মনে করেন বিশ্বে ইসরাইল ও ইরানের অস্তিত্ব না থাকলেই ভালো হতো। তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ওই খবর সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সৌদি বাদশার সফর বাতিল হলেও পারস্পরিক স্বার্থের কারণে কোন দেশই দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি চাইছে না। সৌদি আরব এখন ফ্রান্সের সহযোগিতায় শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি লাভের চেষ্টা করছে। ২০০৭ সাল থেকে দু'দেশের মধ্যে এ বিষয়ে আলোচনাও শুরু হয়েছে। ফ্রান্সও অর্থনৈতিক স্বার্থের কারণে সৌদি আরবের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরব ঐতিহ্য বিষয়ক এক প্রদর্শনী উদ্বোধনের নামে প্যারিস সফর করলেও ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক অত্যন্ত গুরুত্ব পেয়েছে এবং তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন।
পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর অস্ত্রের বড় যোগানদাতা হচ্ছে ফ্রান্স। ফ্রান্স অস্ত্রের এ বাজার যে কোন মূল্যে ধরে রাখতে চায়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরব দেশগুলো আগামীতে আরও কয়েকটি 'অস্ত্র ক্রয়' চুক্তি করবে বলে প্যারিস আশা করছে। ফ্রান্সের বর্তমান অর্থনৈতিক সমস্যা সমাধানে এসব চুক্তি কার্যকর প্রভাব রাখবে। কাজেই ফ্রান্স ও সৌদি আরব পারস্পরিক স্বার্থেই দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন। (রেডিও তেহরান)